এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই এখন এক ভিন্ন মাত্রার প্রতিদ্বন্দ্বিতা। একই গ্রুপে পড়ায় দুই দলের ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের মতে, শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোর নিশ্চিত করবে টাইগাররা।
প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ইতিবাচক শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ আফগানিস্তান হলেও জাফরের বিশ্লেষণ, লঙ্কানদের বিপক্ষের ম্যাচটাই সুপার ফোরের সমীকরণ মেলাতে বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ কয়েক বছর ধরেই অন্য রকম রঙ ছড়াচ্ছে। ২০১৮ নিদাহাস ট্রফির পর থেকে ম্যাচগুলোতে আলাদা উত্তেজনা দেখা যায়। গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ বিতর্ক সেই প্রতিদ্বন্দ্বিতাকে আরও উসকে দিয়েছে।
শ্রীলঙ্কা যেখানে এবারের আসরে প্রথম ম্যাচ খেলবে ১৩ সেপ্টেম্বর, সেখানে বাংলাদেশ আগেই একটি ম্যাচ খেলে ফেলেছে। সূচির এই পার্থক্যটাই লিটন-শান্তদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন জাফর। তিনি বলেন, “বাংলাদেশ ইতোমধ্যেই জয়ের স্বাদ পেয়েছে, কন্ডিশনও বোঝা হয়ে গেছে। তাই ম্যাচটা শ্রীলঙ্কার তুলনায় তাদের জন্য কিছুটা সহজ হবে।”
তবে পরিসংখ্যানে এখনও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। যদিও সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে লঙ্কানদের মাটিতেই জয় পেয়েছিল টাইগাররা। সেটিকে অঘটন আখ্যা দিয়ে জাফরের মন্তব্য, এশিয়া কাপেও যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায়, সেটি আরেকটি বড় চমক হবে।
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশকে সমীকরণ থেকে বাদ দেওয়া যায় না। শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তারা সুপার ফোরে জায়গা করে নেবে।”


